Sunday, November 8

দপ্তর সম্পাদক মিঠুর পিতার ইন্তেকালে ইবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের শোক

|| নিজস্ব প্রতিবেদক ||

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক মোছাদদেরুল হক মিঠুর পিতা প্রবীণ শিক্ষাবিদ আব্দুল মজিদ তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (৮ নভেম্বর) নব্বই ঊর্ধ্ব বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আব্দুল মজিদ তালুকদার ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার শতবর্ষী রামগোপালপুর পি.জে.কে. উচ্চ বিদ্যালয়ের মাধ্যমে তাঁর সুদীর্ঘ শিক্ষকতা জীবন শুরু করেন। পরবর্তীতে তিনি তিনটি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে নিরলসভাবে দায়িত্ব পালন করেন। বিদ্যালয়গুলো হলো— অর্ধশতাব্দী পূর্ণ করা নেত্রকোনার শ্যামপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, অর্ধশতাব্দীর পথে থাকা ময়মনসিংহের জেলা পরিষদ উচ্চ বিদ্যালয় এবং প্রায় দুই যুগের পুরোনো নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ভাটি বাংলা হাই স্কুল। তাঁর হাতে গড়া হাজারো শিক্ষার্থী বর্তমানে দেশ-বিদেশে সুপ্রতিষ্ঠিত। নতুন বিদ্যালয় প্রতিষ্ঠায় স্থানীয়দের পাশাপাশি তাঁর প্রাক্তন শিক্ষার্থীরাও আর্থিক, নৈতিক ও প্রশাসনিকভাবে সহযোগিতা অব্যাহত রেখেছিলেন।

এদিকে, প্রবীণ এই শিক্ষাবিদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন। এক শোকবার্তায় সংগঠনের সভাপতি মির্জা ওয়ালিদ হোসেন শিপন ও সাধারণ সম্পাদক এস এম মিজানুর রহমান মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি মহান আল্লাহ তাআলার দরবারে তাঁর সকল ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস দান এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *