Tuesday, September 22

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

|| অর্থ ও বাণিজ্য ডেস্ক ||

সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধির মুখে দূরপাল্লা ও মহানগরে বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানো হয়েছে। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন মন্ত্রণালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

নতুন পুনঃনির্ধারিত ভাড়া অনুযায়ী, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪০ পয়সা করা হয়েছে। একই সাথে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বৃদ্ধি পেয়ে ২ টাকা ৭০ পয়সা দাঁড়িয়েছে।

এর আগে গতকাল সোমবার বিকেলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে আয়োজিত বৈঠকে কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছিল সড়ক পরিবহন মালিক সমিতি।

মালিক সমিতির সেই প্রস্তাবে দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ২ টাকা ৪৩ পয়সা, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ২ টাকা ৭৩ পয়সা এবং ডিটিসিএ আওতাভুক্ত এলাকায় মিনিবাসের ভাড়া ২ টাকা ৩২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫২ পয়সা নির্ধারণের দাবি জানানো হয়েছিল। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় মন্ত্রণালয় প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বৃদ্ধির সিদ্ধান্ত চূড়ান্ত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *