
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর নিজ জেলা মানিকগঞ্জে উষ্ণ সংবর্ধনায় সিক্ত হয়েছেন সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। মানিকগঞ্জ জেলার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) ও কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টদের (সিএমএ) যৌথ উদ্যোগে শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে গিলন্ড এলাকার মুন্নু ক্যাফেটেরিয়ার ব্যাংকুয়েট হলে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনার জবাবে বিমানমন্ত্রী বলেন, “পর্যটন খাত দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি একটি দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও পরিচয়কে বিশ্বদরবারে তুলে ধরার মাধ্যম।” পর্যটন শিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগের পাশাপাশি পেশাজীবীদের সক্রিয় অংশগ্রহণের ওপর জোর দেন তিনি।
চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মোহাম্মদ গোলাম নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত বক্তারা আশা প্রকাশ করেন, আফরোজা খানম রিতার দূরদর্শী নেতৃত্বে দেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাত নতুন দিগন্তে পৌঁছাবে।
অনুষ্ঠানে মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ এখলাস উদ্দিন, আব্দুল মতিন, ওবায়দুল ইসলাম, মো. কামরুজ্জামান, মতিউর রহমান ও শামসুল হকসহ জেলার বিভিন্ন পর্যায়ের সিএ ও সিএমএ পেশাজীবীরা উপস্থিত ছিলেন। শেষ পর্বে মন্ত্রী ও উপস্থিত পেশাজীবীদের মধ্যে স্মারক ক্রেস্ট বিনিময় এবং নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
