
|| এস এম রেদোয়ানুল হাসান | ইবি প্রতিনিধি ||
রাজশাহীতে নিজ বাসার শয়নকক্ষ থেকে অংকন টুডু নামে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী সদর থানা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, গত ২৫ জুলাই স্নাতকোত্তর শেষ করে ইবি ক্যাম্পাস থেকে বাসায় ফেরেন অংকন। বিদেশে উচ্চশিক্ষার জন্য বিভাগীয় সুপারিশ নেওয়ার পাশাপাশি তিনি বাংলাদেশ বার কাউন্সিলের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আগামী ২২ আগস্ট অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে তিনি বেশ কিছু দিন ধরে মানসিক হতাশায় ভুগছিলেন বলে সহপাঠীদের সূত্রে জানা গেছে।
নিহতের বাবা অ্যাডভোকেট নরেন্দ্রনাথ কুণ্ডু জানান, “বিশ্ববিদ্যালয় থেকে অংকন দুই দিন আগে বাড়িতে আসে। শুক্রবার দুপুরেও পরিবারের সঙ্গে স্বাভাবিকভাবে খাবার খায়। সন্ধ্যার দিকে নিজের কক্ষে কম্পিউটারে কাজ ও পড়াশোনা করছিল। পরে তার বড় ভাই রুমে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার দিলে আমরা উদ্ধার করে পুলিশকে খবর দিই।”
বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক বিলাসী সাহা বলেন, “অংকন খুবই মেধাবী শিক্ষার্থী ছিল। বার কাউন্সিলের লিখিত পরীক্ষার প্রস্তুতি নিয়ে সে ব্যস্ত সময় পার করছিল। এমন একটি মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।”
এ বিষয়ে পুলিশ জানায়, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
