
|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
কুড়িগ্রামের নাগেশ্বরী থানা পুলিশের এক বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া পৃথক অন্য এক অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানা পুলিশের একটি দল গত বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে উপজেলা প্রাণিসম্পদ অফিসের পেছনের ফাঁকা জায়গায় অবস্থিত একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালায়। এ সময় ইয়াবা ট্যাবলেট বেচাকেনার সময় চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. দুলাল মিয়া (২৯), মো. বেলাল হোসেন (৪০), আব্দুল খালেক (৪৫) এবং জুবায়ের হোসেন (৩৬)। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে পৃথক আরেকটি অভিযানে নাগেশ্বরী পৌরসভার সুখ্যাতি লাল স্কুল সংলগ্ন সারের দোকানের সামনে থেকে ১ কেজি গাঁজা পরিত্যক্ত অবস্থায় জব্দ করেছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় ও সমাজকে মাদকমুক্ত করতে সাধারণ মানুষের সহযোগিতাও কামনা করেন তিনি।
