
|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
কুড়িগ্রামের নাগেশ্বরীতে পুলিশের এক বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ মাহবুবুল (৩২) নামের এক চিহ্নিত মাদক চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল ১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেল সাড়ে ৫টার দিকে নাগেশ্বরী পৌরসভার ঠুটা পাইকর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে নাগেশ্বরী থানা পুলিশ। গ্রেপ্তারকৃত মাহবুবুল ফুলবাড়ী উপজেলার বিদ্যাবাগীশ গ্রামের নুর ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে এক মাদক কারবারি মোটরসাইকেলে করে ফুলবাড়ী থেকে নাগেশ্বরী হয়ে কুড়িগ্রামের দিকে যাচ্ছে। খবর পেয়ে নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস দল ঠুটা পাইকর এলাকায় অবস্থান নেয়। মোটরসাইকেল নিয়ে ওই স্থানে পৌঁছামাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক গাড়ি ফেলে পাশের খালের পানিতে ঝাঁপ দিয়ে কচুরিপানার নিচে আত্মগোপন করেন। পরে পুলিশ ও স্থানীয় জনতা প্রায় এক ঘণ্টা তল্লাশি চালিয়ে কচুরিপানার নিচ থেকে তাকে উদ্ধার করে আটক করে।
আটকের পর তার ব্যবহৃত মোটরসাইকেল তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক প্রধান জানান, গ্রেপ্তারকৃত মাহবুবুল একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, নাগেশ্বরীকে মাদকমুক্ত করতে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।
