
|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
কুড়িগ্রামের নাগেশ্বরীতে নিখোঁজের তিন মাস পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি গৃহবধূ নাসিমা বেগমের (৪৫)। স্ত্রীকে ফিরে পাওয়ার আশায় দিন গুনছেন স্বামী নজরুল ইসলাম ও তাঁর সন্তানরা। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন দুজনকে গ্রেপ্তার করলেও এখন পর্যন্ত নিখোঁজের কোনো তথ্য উদ্ধার করতে পারেনি।
গত ১৮ আগস্ট উপজেলার রামখানা ইউনিয়নের পূর্ব রামখানা গ্রামের স্বামীর বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন নাসিমা। পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন চিকিৎসকের পরামর্শ নিতে ও কুড়িগ্রাম পাসপোর্ট অফিসে যাওয়ার উদ্দেশ্যে অটোরিকশাযোগে রওনা হন নাসিমা। সঙ্গে ছিলেন মেয়ে নার্গিস, ছেলে নাসিম ও ছেলের স্ত্রী হামিদা। পথে আজমাতা ব্রিজ এলাকায় প্রকৃতির ডাকে সাড়া দিতে অটোরিকশা থেকে নেমে পাশেই থাকা ননদ মায়ার বাড়িতে যান নাসিমা। পরে পরিবারের অন্য সদস্যরা গন্তব্যে চলে যান এবং ফেরার পথে নাগেশ্বরীতে একত্র হওয়ার কথা ছিল।
খাওয়া-দাওয়া শেষে ননদ তাঁকে আবার অটোরিকশায় তুলে দিলেও কিছুদূর যাওয়ার পর আন্ধারীঝাড় বাজার মোড়ে আবারও অটোরিকশা থেকে নেমে যান নাসিমা। ওই এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজেও তাঁকে নামতে দেখা গেছে বলে জানিয়েছে পরিবার। এরপর থেকেই তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
নিখোঁজের ১০ দিন পর নাগেশ্বরীর রায়গঞ্জ বাজার এলাকার মিজানুর নামের এক ব্যক্তি মোটা অঙ্কের টাকার বিনিময়ে নাসিমাকে হস্তান্তরের কথা জানালেও পরে সেটি সঠিক নয় বলে প্রমাণিত হয়। অন্যদিকে, পার্শ্ববর্তী ভূরুঙ্গামারী উপজেলার চর ধাউরারকুটি গ্রামের ইউনুছ আলী দাবি করেন, নিখোঁজের দুই দিন পর নাসিমাকে একটি বাড়িতে অচেতন অবস্থায় দেখেছিলেন তিনি। খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে গেলেও তাঁকে আর পাওয়া যায়নি।
নাসিমার স্বামী নজরুল ইসলাম জানান, ১৯৯৭ সালে ভারতের দিল্লিতে ভারতীয় নাগরিক নাসিমাকে বিয়ে করেন তিনি। তাঁদের সংসারে দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। দীর্ঘদিন দিল্লিতে বসবাসের পর ব্যবসা গুটিয়ে পরিবারসহ দেশে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা নিয়ে গ্রামে আসেন তিনি। কিন্তু এর মধ্যেই রহস্যজনকভাবে নিখোঁজ হন তাঁর স্ত্রী। ছোট ছেলে নাঈম মাকে হারিয়ে বারবার কান্নায় ভেঙে পড়ছে। বড় ছেলে নাসিম ভারতে গিয়ে আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও কোনো সন্ধান না পেয়ে গত ২০ সেপ্টেম্বর নাগেশ্বরী থানায় মিজানুরসহ ১০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।
স্থানীয় ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাহাবুবুর রহমান সরকার ও রামখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন জানান, জনবহুল এলাকা থেকে একজন নারী এভাবে নিখোঁজ হওয়ার পরও তাঁর সন্ধান না পাওয়া অত্যন্ত উদ্বেগজনক। স্ত্রীকে না পেয়ে নজরুল ইসলাম পাগলপ্রায় হয়ে গেছেন।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধান জানান, এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে গ্রেপ্তার করা হলেও তাঁদের কাছ থেকে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনাটি অপহরণ নাকি নিখোঁজ, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে নিখোঁজ গৃহবধূকে উদ্ধার ও ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।
