
|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় “ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি” বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (০১ জুলাই) দুপুরে নাগেশ্বরী আইডিয়াল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। কর্মসূচির আওতায় বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি ও প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মজিবর রহমান, সিনিয়র শিক্ষক সাইফুর রহমান, হামিদুল ইসলাম, আয়নাল হক এবং ছলিম উদ্দিন।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মাঝে বৃক্ষপ্রেম গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় তারা প্রত্যেক শিক্ষার্থীকে নিজ দায়িত্বে অন্তত একটি করে গাছ রোপণ ও তার সঠিক পরিচর্যা করার আহ্বান জানান।
উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। আগামীতেও পরিবেশবান্ধব এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।
