
|| রাসেল মিয়া | তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||
তাড়াইলে মাদক প্রতিরোধে উপজেলাব্যাপী সমাবেশের অংশ হিসেবে মঙ্গলবার (৩০ জুন) বিকাল ৫ টায় উপজেলার জাওয়ার বাজার খেলার মাঠে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জাকারিয়ার খান পল্টু’র সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি সারওয়ার হোসেন লিটন, তাড়াইল থানার অফিসার ইনচার্জ মাসুদ করিম, বিএনপির সাধারণ সম্পাদক সারওয়ার আলম, বিএনপি নেতা শরিফ আহমেদ আলেক, জাওয়ার ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আখলাকুল ইসলাম অংকুর, সামির হোসেন সাকি, পলাশ খান, বর্তমান জাওয়ার ইউপি চেয়ারম্যান এমদাদুল হক রতন, বায়েজিদ ভূঁইয়া, ওমর ফারুক কাঞ্চন প্রমূখ।

জাওয়ার ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে বক্তব্য রাখেন ইউনিয়নের জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, সাংবাদিক ও এলাকার তরুণ এবং যুবসমাজ।
বক্তারা বলেন, মাদক ও জুয়া বন্ধ ও নির্মূলে প্রত্যেককে সচেতন হতে হবে। তাড়াইলে মাদক ও জুয়া মহামারিতে রূপ ধারণ করেছে। ঘরে ঘরে এ বিষয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। উপজেলা বিএনপির সভাপতি সারওয়ার হোসেন লিটন বলেন, মাদক ও জুয়ার সাথে যারা জড়িত তাদের একটি সময় বেঁধে দিতে চাই। যদি তারা এসব পরিহার না করে তাহলে আইনগতভাবে মুখা বেলা করা হবে। বর্তমান সরকার মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছে। আমরা চাই আমাদের বর্তমান ও আগামী প্রজন্ম যেন ভালো থাকে এবং সুস্থ স্বাভাবিক জীবন-যাপন করে দেশকে এগিয়ে নিয়ে যায়।
তিনি আরও বলেন, কোনো মাদকাসক্ত ব্যক্তি যদি মাদকের পথ থেকে ফিরে আসতে চায়, যদি চিকিৎসার প্রয়োজন হয়, যদি সেই ব্যক্তি দরিদ্র হয় তাহলে আমরা বিএনপির নেতৃবৃন্দ দায়িত্ব নেবো তাকে সুস্থ করার জন্য। আর যদি কেউ আল্টিমেটাম উপেক্ষা করে, যদি আইন অমান্য করে মাদক ব্যবসা ও জুয়া চালিয়ে যায় বা জড়িত থাকে তাহলে জনগণকে সাথে নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তাড়াইল থানা অফিসার ইনচার্জ মাসুদ করিম মাদক ও জুয়ার বিষয়ে ধর্মীয় ব্যাখ্যা দিয়ে বলেন, যারা আইন মানে না, ধর্মীয় বিধান মানে না তারা সমাজের নিকৃষ্ট ব্যক্তি। তাদেরকে সকলে মিলে প্রতিরোধ করতে হবে। এর আগে প্রয়োজন সচেতনতা। আমরা তাদের সময় বেঁধে দিচ্ছি এবং একটি ইউনিয়ন কমিটি করার জন্য এলাকাবাসীর সহযোগিতা চাই। মাদক ব্যবসায়ী ও জুয়াড়ীদের এটা শেষ সুবর্ণ সুযোগ।
