Saturday, July 18

নাগেশ্বরীতে অগ্নিসংযোগ মামলার আসামি ফুলবাড়ী থেকে গ্রেপ্তার

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||

কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার বলদিটারী এলাকায় বসতবাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি মো. মিজানুর রহমান (শামিম) (৪২)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১৭ জুলাই) বিকেল আনুমানিক ২.৩০টার দিকে পার্শ্ববর্তী ফুলবাড়ী উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, গত ১৬ জুলাই নাগেশ্বরী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বলদিটারী এলাকায় মোছা. আফরোজা বেগমের দায়ের করা এজাহারের ভিত্তিতে নাগেশ্বরী থানায় মামলা নং-১৮ রুজু হয়। মামলাটি দণ্ডবিধির ১৮৬০ সালের ৩০৭, ৪৩৬, ৪২৭ ও ৫০৬(২) ধারায় দায়ের করা হয়েছে।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, হত্যার উদ্দেশ্যে বসতবাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর এবং খুন-জখমের ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটানো হয়েছে। বাদীর দাবি, এ ঘটনায় তার প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *