শনিবার, মে ২

দ্রুত ঢাকা-সিলেট ৬ লেনের কাজ শেষ করতে চান প্রধানমন্ত্রী

|| নিজস্ব প্রতিবেদক ||

সিলেট-ঢাকা ৬ লেনের কাজ দ্রুত শেষ করার লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২মে) দুপুরের দিকে সিলেট নগরভবনের সামনে সিলেট সিটি কর্পোরেশন আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সুধী সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিদেশ থেকে দেশে আসতে বা বিদেশে যেতে সময় লাগে ৮ থেকে ৯ ঘণ্টা। অথচ সড়ক পথে ঢাকা থেকে সিলেট আসতে সময় লেগে যায় পুরো একটা দিন। জনগণের এই দুর্ভোগ কমাতে সরকার কাজ করছে এবং সিলেট-ঢাকা মহাসড়ক ৬ লেনের কাজ দ্রুত শেষ করতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। জমি অধিগ্রহণ নিয়ে নানান জটিলতা থাকলেও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এ ব্যাপারে দ্রুত কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

এদিন সুধী সমাবেশে প্রধানমন্ত্রী জলাবদ্ধতা নিরসন প্রকল্পেরও উদ্বোধন করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, আজ আমরা এই প্রকল্পটি উদ্বোধন করলাম এবং কাজ শুরু হলো। সামান্য বৃষ্টিতেই সিলেট নগরবাসীকে জলাবদ্ধতায় অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়। প্রকল্পটি পুরোপুরি বাস্তবায়ন হলে সেই দুর্ভোগের অবসান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর এবং শ্রম ও প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *