
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেছে একটি যাত্রীবাহী বাস। তবে বাসে থাকা যাত্রীদের আগেই নামিয়ে দেওয়ায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার শিকার বাসটি কুষ্টিয়া থেকে ঢাকাগামী এস বি পরিবহন-এর একটি যাত্রীবাহী বাস।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৯টার দিকে বাসটি ফেরিতে ওঠার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যায়।
তিনি জানান, বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। তবে নিরাপত্তার স্বার্থে ফেরিতে ওঠার আগেই সব যাত্রীকে বাস থেকে নামিয়ে দেওয়া হয়েছিল। ফলে কোনো যাত্রী হতাহত হননি।
দুর্ঘটনার পর বাসের চালক, হেলপার ও সুপারভাইজারকে দ্রুত উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহত বা নিখোঁজের তথ্য পাওয়া যায়নি।
ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। নদীতে ডুবে যাওয়া বাসটি উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
স্থানীয়দের মধ্যে এ ঘটনায় আতঙ্ক সৃষ্টি হলেও যাত্রীদের আগেই নামিয়ে দেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
