রবিবার, মে ৩

দেশে আবারও জঙ্গি ফিকির ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ: মোস্তফা বশীরুল হাসান

|| নিজস্ব প্রতিবেদক ||

দেশে আবারও নতুন করে জঙ্গি আবিষ্কারের বক্তব্য দেওয়া হচ্ছে এবং এর পেছনে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে গভীর দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী ঐক্য আন্দোলনের ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মোস্তফা বশীরুল হাসান।

শুক্রবার (১ মে) বাদ জুমা সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরী দক্ষিণের নিয়মিত মাসিক বৈঠকে সভাপতির স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোস্তফা বশীরুল হাসান বলেন, ইদানীং সরকার দলীয় কিছু নেতা এবং কিছু হলুদ মিডিয়া দেশে নতুন করে জঙ্গি আবিষ্কারের বক্তব্য রেখে চলেছেন। যা এদেশের আলেম-ওলামা, ইসলামী সংগঠন, মাদ্রাসা শিক্ষা এবং তৌহিদী জনতার জন্য কোনো ভালো খবর নয়। এর পেছনে আন্তর্জাতিক ও দেশীয় অপরাজনীতির ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে। অতীতেও এই জঙ্গি তকমা লাগিয়ে বিভিন্নভাবে আলেম-ওলামা, মাদ্রাসা শিক্ষক, ছাত্র ও তৌহিদী জনতাকে হয়রানি করা হয়েছে। তিনি সরকারের প্রতি অবিলম্বে এ ধরনের অপরাজনীতি তথা ‘জঙ্গি জঙ্গি খেলা’ বন্ধ করার আহ্বান জানান।

একই সাথে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এদেশের তৌহিদী জনতা কোনোভাবেই দেশকে বিদেশি শক্তি ও ইসলামবিদ্বেষী কোনো অপশক্তির ইসলাম ও মুসলিম দমনের অভয়ারণ্য হতে দেবে না।

মহানগরী দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় বৈঠকে আরও উপস্থিত ছিলেন নায়েবে আমীরত্রয় মাওলানা ফারুক আহমদ, মাওলানা মুহাম্মদ আব্দুল মতিন ফরাজী ও মাওলানা মুহাম্মদ আনোয়ার হোসাইন।

এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক এফ এম আলী হায়দার, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আজমল হোসেন, বায়তুল মাল সম্পাদক হাফেজ মাওলানা শহীদুল ইসলাম, ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, মোস্তফা মোনাঈম নাফিস, মোঃ ওমর ফারুক প্রিন্স এবং মোঃ শামীমসহ প্রমুখ নেতৃবৃন্দ।

বৈঠকে উল্লেখ করা হয় যে, চলতি মাস থেকে ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরী দক্ষিণের সাধারণ সম্পাদকের (চলতি দায়িত্ব) দায়িত্ব পালন করবেন মাওলানা মুহাম্মদ জহিরুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *