Wednesday, August 12

থাইল্যান্ডে স্কুটার দুর্ঘটনায় আহত অভিনেতা খায়রুল বাসার

|| বিনোদন ডেস্ক ||

থাইল্যান্ডে নাটকের শুটিং করতে গিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা চিত্রগ্রাহক মেহেদী রনিও আহত হয়েছেন।

মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল পৌনে ৫টার দিকে দেশটির কোলান দ্বীপে এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে দুজনকেই থাইল্যান্ডের পাতায়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, একটি নাটকের শুটিংয়ের কাজে টিমসহ কোলান দ্বীপে অবস্থান করছিলেন খায়রুল বাসার। পাহাড়ি এলাকায় একটি দৃশ্যের কাজ শেষে স্কুটিতে করে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তারা দুর্ঘটনার কবলে পড়েন। স্কুটিটি চালাচ্ছিলেন চিত্রগ্রাহক মেহেদী রনি। পরবর্তীতে টিমের অন্য সদস্যরা তাঁদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

আঘাত পাওয়ার কথা জানিয়ে খায়রুল বাসার জানান, দুর্ঘটনায় তাঁর বুকে ও হাঁটুতে আঘাত লেগেছে এবং হাঁটাচলায় সমস্যা হচ্ছে। শারীরিক পরিস্থিতির কারণে আপাতত নাটকের শুটিং বন্ধ রাখা হয়েছে।

অন্যদিকে চিত্রগ্রাহক মেহেদী রনি তুলনামূলকভাবে বেশি আঘাত পেয়েছেন, শরীরের একাধিক স্থানে ক্ষতের সৃষ্টি হয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণ ও পরামর্শ অনুযায়ী আপাতত তাঁদের হাসপাতালেই চিকিৎসাধীন থাকতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *