
|| তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি ||
ভোলার তজুমদ্দিন উপজেলার শশীগঞ্জ দক্ষিণ বাজারে পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন ৪১টি চান্দিনা ভিটা একসনা লিজ বরাদ্দে ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় ব্যবসায়ী সমিতি। এসব ভুয়া ও নিয়মবহির্ভূত বরাদ্দ বাতিল করে প্রকৃত ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে পুনঃবন্টনের দাবি জানিয়েছেন তারা।
শনিবার (২২ আগস্ট) শশীগঞ্জ দক্ষিণ বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ আনোয়ার হোসেন হাওলাদার।
লিখিত বক্তব্যে বলা হয়, ২০১৪ সালে শশীগঞ্জ দক্ষিণ বাজারে ৪১টি চান্দিনা ভিটা একসনা লিজ দেওয়া হয়। ২০০৭ সালে উচ্ছেদ হওয়া প্রকৃত ব্যবসায়ীদের বাদ দিয়ে তৎকালীন ক্ষমতাসীন দলের প্রভাব ব্যবহার করে অসৎ উদ্দেশ্যে সরকারি চাকরিজীবী, অপ্রাসঙ্গিক ব্যক্তি এমনকি মৃত ব্যক্তিদের নামেও এসব ভিটা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া বরাদ্দপ্রাপ্তরা নিয়ম ভেঙে ভিটা বিক্রি, অন্যের কাছে ভাড়া দেওয়া এবং পাকা স্থাপনা নির্মাণ করেছেন বলেও অভিযোগ করা হয়।
ব্যবসায়ীরা জানান, এ সকল অনিয়মের বিরুদ্ধে চলতি বছরের ২ এপ্রিলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিলে সহকারী কমিশনার (ভূমি) অন্তরা সরকার অদ্রিকে তদন্তের নির্দেশ দেওয়া হয়। তবে দীর্ঘ সময় পার হলেও তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি।
সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে ব্যবসায়ীদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আলহাজ্ব অজিউল্যাহ হাওলাদার, কাজী আলমগীর হোসেন, আমিরুল ইসলাম বাবলু, ফরিদ উদ্দিন ফকির, কামরুল হাসান, মো. ইব্রাহিম গাজী, মো. ইউসুফ, মো. নিরব, গোলাম মোস্তফা লিটন ও মো. বাচ্চু মিয়াসহ অন্যান্য সদস্যরা।
