Sunday, September 20

ঢাবি’র জাপানিজ স্টাডিজ বিভাগে ইনোভেশন ল্যাব ও স্মার্ট ক্লাসরুম উদ্বোধন

|| ঢাবি প্রতিনিধি ||

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগে ‘সৈয়দ মাহমুদুল হক আইসিটি এন্ড ইনোভেশন ল্যাব’ এবং স্মার্ট ক্লাসরুম উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মি. সাইদা শিনইচি ( Mr. Saida Shinichi) আজ সোমবার (১৮ আগস্ট) বিভাগীয় মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ল্যাব ও ক্লাসরুম উদ্বোধন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল্লাহ্-আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে ভারতে নিযুক্ত বাংলাদেশের সাবেক হাইকমিশনার লিয়াকত আলী চৌধুরী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপাক্ষিক সম্পর্ক বিষয়ক সচিব ড. মো. নজরুল ইসলাম এবং জাপান সোলারটেক বাংলাদেশ লিমিটেড-এর পরিচালক সৈয়দ সামিউল হক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। জাপানিজ স্টাডিজ বিভাগের চেয়ারপার্সন ড. লোপামুদ্রা মালেক স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীসহ জাপানভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত মি. সাইদা শিনইচি বলেন, আধুনিক যন্ত্রাংশ ও প্রযুক্তি সম্বলিত এই ল্যাব ও ক্লাসরুম যুগোপযোগী ও দক্ষ গ্র্যাজুয়েট তৈরিতে সহায়ক ভূমিকা পালন করবে। জাপানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহে অধ্যয়নরত বাংলাদেশের শিক্ষার্থীদের সংখ্যা সম্প্রতি অনেক বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, জাপান সবসময় বাংলাদেশের জনগণের পাশে রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়নে জাপান সরকারের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। শিক্ষা ও গবেষণার মাধ্যমে দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জাপান সোলারটেক বাংলাদেশ লিমিটেড-এর পরিচালক সৈয়দ সামিউল হকের সহযোগিতায় এই ল্যাব ও ক্লাসরুম আধুনিকায়ন করা হয়। উল্লেখ্য, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই সৈয়দ মাহমুদুল হকের পুত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *