
|| নিজস্ব প্রতিবেদক ||
ঢাকা-৪ নির্বাচনী এলাকার উন্নয়ন ও দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনে এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন।
সোমবার (১১ মে) তিনি নিজের নির্বাচনী প্রতিদ্বন্দ্বী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে তারা এলাকার শান্তি ও শৃঙ্খলা রক্ষায় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন বলেন, জনসেবা কোনো একক ব্যক্তির পক্ষে সম্ভব নয়; বরং জনগণের স্বার্থে দলমত নির্বিশেষে সকল রাজনৈতিক নেতৃত্বকে এগিয়ে আসতে হবে। তিনি এলাকার প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত গ্যাস ও পানির সংকট নিরসনসহ মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে সমন্বিত পদক্ষেপের ওপর জোর দেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় ঢাকা-৪ আসনকে একটি আদর্শ, আলোকিত ও শান্তির নীড় হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বৈঠকে বিএনপি নেতা তানভীর আহমেদ রবিনও এলাকার জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতার আশ্বাস দেন। দুই নেতার এই হৃদ্যতাপূর্ণ সাক্ষাৎ ও উন্নয়নমুখী অবস্থান স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক সাড়া ফেলেছে।
এসময় স্থানীয় জামায়াত ও বিএনপির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা একমত পোষণ করেন যে, সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং এলাকার সার্বিক উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বর্তমানে সময়ের দাবি।
