মঙ্গলবার, মে ১২

আ’ লীগের আমলে ৩২৯৯ গুম-খুনের বিচার চেয়ে ফের ট্রাইব্যুনালে বিএনপি

|| নিজস্ব প্রতিবেদক ||

আওয়ামী লীগ সরকারের বিগত মেয়াদে সংঘটিত গুম, ক্রসফায়ার এবং জুলাই গণঅভ্যুত্থানে ৩ হাজার ২৯৯ জন নিহত হওয়ার ঘটনায় ন্যায়বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনটি পৃথক আবেদন জমা দিয়েছে বিএনপি। সোমবার (১১ মে) ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের কাছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও গুম-খুন তথ্য সংরক্ষণ সমন্বয়ক মো. সালাহ উদ্দিন খান এই আবেদনগুলো হস্তান্তর করেন। এর আগে ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি দলটির পক্ষ থেকে প্রথম এই অভিযোগগুলো দাখিল করা হয়েছিল।

বিএনপির দাখিলকৃত আবেদনে উল্লেখ করা হয়েছে, ২০০৮ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত দেশে ২ হাজার ২৭৬ জনকে ক্রসফায়ারের নামে হত্যা করা হয়েছে, যার মধ্যে ১ হাজার ৭৭৬ জনই বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী। দ্বিতীয় আবেদনে একই সময়ে ১৭৫ জনকে গুম করার ঘটনার বিচার চাওয়া হয়েছে।

এ ছাড়া তৃতীয় আবেদনে বলা হয়, ২০২৪ সালের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও তৎকালীন আওয়ামী লীগ সরকারের সন্ত্রাসীদের গুলিতে ৮৪৮ জন শহীদ হয়েছেন। এর মধ্যে ৫২৬ জনই বিএনপি ও ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিলেন।

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, এর আগে করা অভিযোগগুলোর নথিপত্র নতুনভাবে জমা দিয়েছে বিএনপি এবং দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়েছে।

তিনি আরও জানান, ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ইতিমধ্যে এসব বিষয়ে তদন্ত শুরু করেছে এবং নতুন আবেদনগুলো যাচাই-বাছাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, ভুক্তভোগী পরিবারগুলোর ন্যায়বিচার নিশ্চিত করতেই তারা ট্রাইব্যুনালে এই নথিপত্র পুনরায় দাখিল করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *