মঙ্গলবার, এপ্রিল ২১

জোট শরিকদের সঙ্গে প্রতারণা করেছে বিএনপি: সারজিস

|| নিজস্ব প্রতিবেদক ||

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়াকে কেন্দ্র করে ক্ষমতাসীন বিএনপির বিরুদ্ধে জোটসঙ্গীদের সঙ্গে প্রতারণার অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। সোমবার (২০ এপ্রিল) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।

সারজিস আলম তার পোস্টে উল্লেখ করেন, গণঅভ্যুত্থানের আগে থেকে সর্বশেষ নির্বাচন পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার ‘জাতীয় সরকার’ গঠনের কথা বলে এসেছেন। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। তিনি অভিযোগ করেন, শক্তিশালী জাতীয় সরকার গঠনের প্রত্যাশা থাকলেও বিএনপি এমনকি তাদের জোটসঙ্গীদের মন্ত্রিপরিষদে পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে জায়গা দিতে পারেনি। ২৫ জন মন্ত্রীর মধ্যে জোটের অন্য দলগুলো থেকে অন্তত একজনকে মন্ত্রী করার মতো উদারতাও দেখাতে ব্যর্থ হয়েছে দলটি।

ক্ষোভ প্রকাশ করে সারজিস আলম আরও বলেন, সংরক্ষিত নারী আসনে মনোনয়নের ক্ষেত্রেও বিএনপি ফের একই মানসিকতার পরিচয় দিয়েছে। বিএনপির জন্য বরাদ্দ ৩৬টি আসনের সবকটিতেই নিজেদের প্রার্থী দিয়েছে তারা, শরিকদের জন্য কোনো আসন রাখেনি। একটি বৃহৎ রাজনৈতিক দলের প্রধানের প্রতিশ্রুতি যখন এত ‘ঠুনকো’ হয়, তখন তা দেশের মানুষকে আশাহত করে বলে তিনি মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে তিনি জামায়াতে ইসলামীর ভূমিকার প্রশংসা করে বলেন, জামায়াত মাত্র ১২টি সংরক্ষিত আসন পেলেও সেখান থেকে এনসিপি, জাগপা এবং বাংলাদেশ খেলাফত মজলিসকে একটি করে মোট তিনটি আসন ছেড়ে দিয়ে উদারতা দেখিয়েছে।

ভবিষ্যতের রাজনীতিতে এই প্রতিশ্রুতি রক্ষা এবং উদারতা একটি দৃষ্টান্ত হয়ে থাকবে বলে তিনি উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *