মঙ্গলবার, এপ্রিল ২১

ইসিতে মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত নেতৃত্বাধীন জোটের ১৩ প্রার্থী

|| নিজস্ব প্রতিবেদক ||

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে নির্বাচন কমিশনে (ইসি) মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত ১৩ নারী প্রার্থী। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খানের কার্যালয়ে উপস্থিত হয়ে তারা এই মনোনয়নপত্র দাখিল করেন।

জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পাওয়া প্রার্থীরা হলেন— নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নি, মারদিয়া মমতাজ, নাজমুন নাহার নীলু, মাহফুজা সিদ্দিকা, সাজেদা সামাদ ও সামসুন নাহার। জোটের শরিক দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনিরা শারমিন ও মাহমুদা আলম মিতু মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়াও জাগপার চেয়ারম্যান তাসমিয়া প্রধান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মাহবুবা হাকিম প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। বিশেষ করে, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমকে এই সংরক্ষিত আসনে জোটের পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে বিএনপি ৩৬ জন এবং জামায়াত জোট ১৩ জন প্রার্থী চূড়ান্ত করেছে। আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আগামী ২২ ও ২৩ এপ্রিল যাচাই-বাছাই শেষে ২৯ এপ্রিল পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সুযোগ থাকবে।

যেহেতু আসন সংখ্যার বিপরীতে প্রার্থীর সংখ্যা সমান, তাই ২৯ এপ্রিল প্রত্যাহারের সময় পার হওয়ার পর সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা সকলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করবেন বলে ধারণা করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১২ মে এই নির্বাচনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *