Wednesday, August 5

জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে মানিকগঞ্জে ১১ দলীয় জোটের বিক্ষোভ

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকীতে জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের জনরায় কার্যকর এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্যজোট। নেতারা বলেছেন, জনগণের রায় ও গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা উপেক্ষা করে রাষ্ট্র পরিচালিত হতে পারে না। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর এবং গণহত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার জোর দাবি জানান তারা।

বুধবার (৫ আগস্ট) বিকেলে শহরের বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত সমাবেশ শেষে ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে প্রধান ডাকঘরের সামনে গিয়ে শেষ হয়। পরবর্তীতে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

সমাবেশে প্রধান বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল বৈষম্যহীন, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন। সেই সংগ্রামের ধারাবাহিকতায় প্রণীত জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন ও গণভোটে পাওয়া জনরায়ের প্রতিফলন রাষ্ট্র পরিচালনায় নিশ্চিত করতে হবে। এছাড়া আন্দোলনে সংগঠিত গণহত্যার পেছনে দায়ীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার আহ্বান জানান নেতৃবৃন্দ।

তারা আরও সতর্ক করে বলেন, জনগণের প্রত্যাশা বাস্তবায়নে দীর্ঘসূত্রতা গণআকাঙ্ক্ষাকে ক্ষতিগ্রস্ত করবে। রাষ্ট্র সংস্কার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে দেশবাসী তাদের অধিকার আদায়ে আরও কঠোর গণতান্ত্রিক কর্মসূচি দিতে বাধ্য হবে।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা উত্তর অঞ্চলের টিম সদস্য মাওলানা দেলওয়ার হোসাইন, জেলা আমীর হাফেজ মাওলানা কামরুল ইসলাম, জেলা সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম, পৌর আমীর হুমায়ূন কবির, সদর থানা আমীর ফজলুল হক এবং এবি পার্টির জেলা সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম জনীসহ ১১ দলীয় ঐক্যজোটের শীর্ষ নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *