
|| এস এম রেদোয়ানুল হাসান | ইবি প্রতিনিধি ||
জুলাই গণ-অভ্যুত্থান’-এর দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন। কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় পতাকা উত্তোলন, আনন্দ শোভাযাত্রা, জুলাই ডকুমেন্টারি প্রদর্শনী, আলোচনা সভা এবং প্রীতি ভলিবল প্রতিযোগিতা।
গত বুধবার (২৯ জুলাই) জুলাই-আগস্ট ও ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস শহীদ মিয়া এবং সদস্য সচিব ড. আসাদুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী, রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক, বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষক, হলের কর্মকর্তা-কর্মচারী, ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, আগামী ৫ আগস্ট সকাল ৯টা ২০ মিনিটে প্রশাসন ভবনের সামনে এবং আবাসিক হলসমূহে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হবে। এরপর সকাল ৯টা ৩০ মিনিটে কর্মসূচির উদ্বোধন ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় কেন্দ্রীয় মিলনায়তনে জুলাই শহীদদের স্মরণে ডকুমেন্টারি প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। পরে বেলা ১১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ভলিবল মাঠে শিক্ষক বনাম কর্মকর্তা, সহায়ক কর্মচারী বনাম সাধারণ কর্মচারী, বিজয়ী দল বনাম টেকনিক্যাল সমিতি এবং হলসমূহের অংশগ্রহণে প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এ বিষয়ে জুলাই গণঅভ্যুত্থান উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস শহীদ মিয়া বলেন, “আমাদের কর্মসূচির প্রস্তুতি প্রায় শতভাগ সম্পন্ন। আগামীকাল যথাসময়ে সব কর্মসূচি পালন করা হবে। তবে বৈরী আবহাওয়ার কারণে যে প্রীতি ভলিবল ম্যাচ মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেটি জিমনেসিয়ামে অনুষ্ঠিত হবে।”
