
|| নিজস্ব প্রতিবেদক ||
‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ইসলামী ঐক্য আন্দোলনের আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া ও সেক্রেটারি জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান। দিবসটি উপলক্ষে আজ বুধবার (৫ আগস্ট) দেওয়া এক যৌথ বিবৃতিতে তারা জুলাই অভ্যুত্থানের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং আহতদের যথাযথ মর্যাদা ও সুচিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান।
বিবৃতিতে শীর্ষ দুই নেতা বলেন, চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতন ঘটলেও যে উদ্দেশ্যে ছাত্র-জনতা রক্ত দিয়েছিল, তার প্রকৃত সফলতা ও আকাঙ্ক্ষা আজও অর্জিত হয়নি। বর্তমান রাজনৈতিক অস্থিরতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তারা।
নেতৃদ্বয় আরও বলেন, একটি বৈষম্যহীন ও শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে দেশে পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব ছাড়া আর কোনো বিকল্প নেই। ইসলামী বিপ্লবের মাধ্যমে শরিয়াভিত্তিক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে মুক্তি পাবে এ জাতি। সংগঠনটির প্রতিষ্ঠাতা মরহুম মওলানা মুহাম্মদ আবদুর রহীমের ঐতিহাসিক বক্তব্য উদ্ধৃত করে তারা স্মরণ করিয়ে দেন— “একটি পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব ছাড়া এ জাতির মুক্তির কোনো পথ নেই।”
পরিশেষে দেশের সার্বিক সংকট নিরসন ও জনগণের প্রকৃত মুক্তি অর্জনে ইসলামী আদর্শ ও নীতি অনুসরণের পথ অবলম্বনের জন্য দেশবাসীর প্রতি জোর আহ্বান জানান ইসলামী ঐক্য আন্দোলনের শীর্ষ নেতারা।
