
|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
খুলনার পাইকগাছায় জাল শিক্ষাসনদ ও জন্মতারিখ জালিয়াতির মাধ্যমে সরকারি চাকরি করে অর্থ আত্মসাতের অপরাধে বিমল বিশ্বাস নামে এক ব্যক্তিকে ছয় বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ লাখ ৪১ হাজার ৫৫০ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) খুলনার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. ইয়াছিন আলী।
দণ্ডপ্রাপ্ত বিমল বিশ্বাস পাইকগাছা উপজেলার হিতামপুর এলাকার যতিন্দ্র নাথের ছেলে।
আদালত সূত্র জানায়, বিমল বিশ্বাস ১৯৯৮ সালের ১ নভেম্বর পাইকগাছা উপজেলার ৭ নম্বর গদাইপুর ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশ পদে যোগদান করেন। চাকরির মেয়াদ দীর্ঘায়িত করে সরকারি অর্থ আত্মসাতের উদ্দেশ্যে তিনি প্রকৃত জন্মতারিখ ১৯৫৮ সালের ৩ আগস্ট গোপন করে ১৯৬৯ সালের ২৫ জুন দেখিয়ে ১৯৯৫ সালের ২৯ ডিসেম্বরের একটি জাল স্কুল সার্টিফিকেট তৈরি করেন। পরে ওই জাল সনদের ভিত্তিতে জাতীয় পরিচয়পত্রও সংশোধন করেন।
এভাবে ভুয়া তথ্য ব্যবহার করে চাকরিতে বহাল থেকে তিনি সরকারের ৫ লাখ ৪১ হাজার ৫৫০ টাকা আত্মসাৎ করেন।
এ ঘটনায় ২০১৮ সালে নির্মল অধিকারী সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০২১ সালের ৩১ মার্চ দুর্নীতি দমন কমিশন (দুদক) খুলনার উপ-সহকারী পরিচালক মো. ফয়সাল কাদের আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
