
|| নিজস্ব প্রতিবেদক ||
বাংলাদেশি তরুণদের জন্য জাপানে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং দক্ষ কর্মী, প্রকৌশলী ও প্রযুক্তি পেশাজীবীদের জাপানের কর্মবাজারের সঙ্গে যুক্ত করার লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিয়েছে ড্যাফোডিল গ্রুপ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)।
এই উদ্যোগের অংশ হিসেবে সম্প্রতি ড্যাফোডিল স্মার্ট সিটিতে ‘জাপানে কর্মসংস্থানের সুযোগ: বাংলাদেশি গ্র্যাজুয়েটদের জন্য পথ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা’ শীর্ষক একটি সেমিনার এবং উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় জাপানের প্রতিনিধিদল ‘জাপান প্ল্যাটফর্ম ফর মাইগ্র্যান্ট ওয়ার্কার্স টুওয়ার্ডস রেসপনসিবল অ্যান্ড ইনক্লুসিভ সোসাইটি’ (জেপি-মারাই)-এর বোর্ড সদস্য কেনিচি শিশিদো এবং সিনিয়র প্রোগ্রাম অফিসার শিনিচি ওকুবো।
অনুষ্ঠানে ডিআইইউ-এর প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবালের উদ্বোধনী বক্তব্যের পর মূল সেশন পরিচালনা করেন কেনিচি শিশিদো। তিনি জাপানে ক্যারিয়ার গড়ার পথ, জাপানি ভাষার গুরুত্ব ও আন্তর্জাতিক কর্মসংস্থানে দায়িত্বশীল পদ্ধতির বিষয়গুলো তুলে ধরেন।
সমাপনী বক্তব্যে ড্যাফোডিল গ্রুপের গ্রুপ সিইও ড. মোহাম্মদ নুরুজ্জামান বলেন, “জাপানের জন্য বাংলাদেশ দক্ষ ও পেশাদার জনশক্তির এক গুরুত্বপূর্ণ উৎস হতে পারে। জাপানের প্রয়োজন দক্ষ জনশক্তি, আর আমাদের রয়েছে বিপুলসংখ্যক মেধাবী তরুণ। আমাদের চ্যালেঞ্জ হলো জাপানি ভাষা, প্রয়োজনীয় দক্ষতা ও কর্মক্ষেত্রের প্রস্তুতির মাধ্যমে দুই দেশের মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরি করা।”
উল্লেখ্য, ড্যাফোডিলের গ্লোবাল রিক্রুটিং এজেন্সি (জিআরএ) ইতোমধ্যে জাপানের কারিগরি ইন্টার্ন প্রশিক্ষণ কর্মসূচি (টিআইটিপি) এবং নির্দিষ্ট দক্ষ কর্মী (এসএসডব্লিউ) কর্মসূচির আওতায় কাজ করছে। এবার প্রকৌশল ও তথ্যপ্রযুক্তি বিষয়ের যোগ্য গ্র্যাজুয়েটদের জন্য ‘জাপান গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার কর্মসংস্থান পথ’ তৈরির সম্ভাবনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
সেমিনার শেষে প্রতিনিধিদলটি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে, জাপান স্টাডি সেন্টার ও ক্যাম্পাস পরিদর্শনসহ বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেয়।
