Thursday, November 26

চিলমারীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২৫ নভেম্বর) উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) সভাপতিত্বে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার, ফাঁড়ি ইনচার্জ গোলাম মাওলা, চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আবু রায়হান, সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, প্রাণিসম্পদ কর্মকর্তা ধীরেন্দ্র নাথ রায়, উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল বারী সরকার, সদস্য বদরুদ্দোজা বুলু, সাবেক বিএনপি নেতা তাইবুর ও আবু ওবায়দুল হক, ৩ নম্বর থানাহাট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোক্তার হোসেন, রমনা মডেল ইউনিয়নের চেয়ারম্যান গোলাম আশেক আঁকা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় মাদক ও জুয়া নিরসনে গঠিত কমিটি কার্যকর করা, স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা ও সংকট নিরসন, পরিষ্কার-পরিচ্ছন্নতা, শিক্ষাব্যবস্থার উন্নয়ন, সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সাম্প্রতিক সময়ে উপজেলায় ঘরবাড়ি, অটোরিকশা ও মোটরসাইকেল চুরির ১৩টি ঘটনায় বাসিন্দাদের উদ্বেগের বিষয়টি উঠে আসে। সিসি ক্যামেরায় চোর ধরা পড়লেও ঘটনাগুলো পুলিশ প্রশাসনের তদন্তাধীন রয়েছে বলে সভায় জানানো হয়। এ ছাড়া স্কুল-কলেজে শিক্ষকদের অনুপস্থিতি, হাসপাতালের ভেতরে অবৈধ পার্কিং, সুবিধাবঞ্চিত নারীদের যাচাই-বাছাই, ভিজিএফের চাল যাতে বিক্রি না হয় সে বিষয়ে সতর্কতা এবং ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের অগ্রগতি নিয়েও আলোচনা করা হয়।

আলোচনা শেষে ইউএনও’র সিদ্ধান্ত অনুযায়ী, মহিলা ডিগ্রি কলেজের বিষয়ে তদন্ত সাপেক্ষে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবৈধ পার্কিং বন্ধে অভিযান পরিচালনা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে জনসচেতনতা বৃদ্ধির পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়।

চিলমারী মডেল থানার ওসি নয়ন কুমার বলেন, ‘চুরি সংক্রান্ত যেসব ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে, সেগুলো খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত চলছে। সোহেল অ্যান্ড ব্রাদার্সের দোকান চুরির ঘটনায় এসআরবির (SRB) সহযোগিতা নেওয়া হয়েছে। চরাঞ্চল ও প্রত্যন্ত এলাকায় মাদক-জুয়া নিয়ন্ত্রণে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। সামাজিক অস্থিরতা দমনে রাজনৈতিক সহযোগিতার পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও শিক্ষকদের সম্পৃক্ত করে সচেতনতা বাড়াতে চাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *