
|| নিজস্ব প্রতিবেদক ||
তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ বলেছেন, দেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ যেভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে বিদায় নিয়েছিল, ঠিক সেভাবেই আবার ফেরার চেষ্টা করছে। তবে তারা যা শুরু করেছে, সেটিকে কোনোভাবেই রাজনীতি বলা যায় না; এটি স্পষ্টতই সন্ত্রাসী কর্মকাণ্ড।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে সচিবালয়ে উইমেন জার্নালিস্ট ফোরামের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা সবাই জানি প্রচলিত আইনেই বিচার হবে। কোনো অযৌক্তিক আবদার বাংলাদেশ সরকার মেনে নেবে—এটি ভাবা হাস্যকর। প্রচলিত আইনেই তিনি আসবেন এবং এলে তাঁর বিচার হবে। অথবা আমরা যেভাবে চাচ্ছি, সেই বন্দিবিনিময় চুক্তির মাধ্যমেই তাঁকে ফিরিয়ে আনা হবে।’
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের সাম্প্রতিক বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আন্দালিব রহমান পার্থ বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে অনেক আলোচনার অবকাশ রয়েছে। তিনি (শেখ হাসিনা) সেখানে আশ্রয়ে (অ্যাসাইলাম) আছেন, নাকি ট্যুরিস্ট ভিসায় আছেন—তা আমাদের জানা নেই। আমরা প্রচলিত আইনের ভিত্তিতেই কথা বলছি। তাঁদের বিরুদ্ধে মামলা রয়েছে এবং রায়ও হয়ে গেছে। সুতরাং বাংলাদেশ সরকার সেটাই দাবি করবে। আমাদের মধ্যকার চুক্তি অনুযায়ীই তাঁকে ফেরত পাঠাতে হবে।’
ভারতীয় গণমাধ্যম ও সরকারের অবস্থানের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘ভারতীয় মিডিয়া বা সরকার কী বলছে, তা আপনারা দেখছেন। তবে বাংলাদেশের মানুষ ভালো করেই জানে জুলাইয়ে কী ঘটেছিল এবং বর্তমানে কী হচ্ছে।’
মতবিনিময় সভায় তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, ‘যিনি জনগণের টাকা লুটপাট করে এবং গণহত্যা চালিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন, সেই গণহত্যাকারীর কথাকে এত গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না।’
