
|| আন্তর্জাতিক ডেস্ক ||
ফিলিস্তিনের গাজা সিটিতে ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে যাওয়া একটি আবাসিক ভবনের ধ্বংসস্তূপ থেকে ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মরদেহগুলোর বেশিরভাগই নারী ও শিশুর বলে জানিয়েছে গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ।
শনিবার (৮ আগস্ট) গাজার পশ্চিমাঞ্চলে অবস্থিত ‘কারাম’ ভবন সংলগ্ন এলাকায় চার দিনব্যাপী টানা উদ্ধার অভিযান শেষ হয়। উদ্ধার কার্যক্রমের দায়িত্বে থাকা কর্মকর্তা মোহাম্মদ আবু দান জানান, ওই ভবনের নিচে আরও মরদেহ থাকার আশঙ্কা থাকলেও প্রাথমিকভাবে সেখানে উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করা হয়েছে। উদ্ধারকারী দলগুলো এখন গাজা সিটির অন্য ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার কার্যক্রম পরিচালনা করবে।
ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া কংক্রিটের বিশাল স্তূপ সরানোর জন্য প্রয়োজনীয় ও আধুনিক ভারী যন্ত্রপাতির চরম সংকট দেখা দিয়েছে গাজায়। ফলে উদ্ধারকর্মীদের সাধারণ প্রাথমিক সরঞ্জাম ও কায়িক শ্রমের ওপর নির্ভর করে উদ্ধার অভিযান চালাতে হচ্ছে। ভারী যন্ত্রপাতির অভাব ও প্রতিকূল পরিস্থিতির কারণে নিখোঁজদের উদ্ধারে দীর্ঘ সময় লাগছে বলে জানান বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তারা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, পুরো উপত্যকাজুড়ে এখনও ৮ হাজারের বেশি মানুষ বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এ পর্যন্ত গাজায় মোট মৃতের সংখ্যা ৭৩ হাজার ৩০০ ছাড়িয়েছে এবং আহত হয়েছেন ১ লাখ ৭৪ হাজারের বেশি মানুষ।
