মঙ্গলবার, এপ্রিল ২১

খুলনায় ৮৩ কেন্দ্রে শুরু এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ২৭ হাজার ৫৯৭ পরীক্ষার্থী

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের মতো যশোর শিক্ষা বোর্ডের অধীনেও আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে শুরু হয়েছে চলতি বছরের এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা। খুলনা জেলায় ৮৩টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এ বছর খুলনায় তিন ধারার পরীক্ষায় মোট ২৭ হাজার ৫৯৭ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। গত বছর এ সংখ্যা ছিল ২৯ হাজার ৫৪৫ জন।

প্রথম দিনে আজ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলা (আবশ্যিক) প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২০ মে লিখিত পরীক্ষা শেষ হবে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে আগেই সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। গত ৭ এপ্রিল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হুরে জান্নাত।

এদিকে, নগরীর দৌলতপুর এলাকায় তিনটি কেন্দ্রে মোট ১ হাজার ৮৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। কেন্দ্রগুলো হলো—সরকারি দৌলতপুর মুহসীন মাধ্যমিক বিদ্যালয়, দৌলতপুর মুহসীন মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং আফিল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়।

কেন্দ্র সংশ্লিষ্টরা জানিয়েছেন, ইতোমধ্যে আসন বিন্যাস, নিরাপত্তা ব্যবস্থা ও কেন্দ্র প্রস্তুতির কাজ সম্পন্ন হয়েছে। প্রতিটি কেন্দ্রে মেডিকেল টিম রাখা হয়েছে এবং পরীক্ষা চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, পরীক্ষাকেন্দ্র এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে। পরীক্ষা চলাকালে কেন্দ্রে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহন নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া কেন্দ্র সংলগ্ন এলাকায় ফটোকপি ও কম্পিউটার দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে এবারের এসএসসি পরীক্ষা সম্পন্ন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *