Tuesday, August 11

খুলনায় মাসব্যাপী বৃক্ষমেলার সমাপ্তি, চারা বিক্রিতে নতুন রেকর্ড

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

আজ মঙ্গলবার (১১ আগস্ট) শেষ হয়েছে খুলনা সার্কিট হাউস মাঠে আয়োজিত মাসব্যাপী বৃক্ষমেলা। শেষ দিনে এসে মেলায় চারা বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ৩ লাখ ৩৩ হাজার ৬৪০ টাকা। গত বছরের তুলনায় এবার বিক্রি বেড়েছে প্রায় দ্বিগুণ।

মেলা নিয়ন্ত্রণ কক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, সুন্দরবন পশ্চিম বন বিভাগ ও খুলনা জেলা প্রশাসনের যৌথ ব্যবস্থাপনায় গত ১১ জুলাই শুরু হয় এ বৃক্ষমেলা। শুরু থেকেই মেলায় দেশি-বিদেশি বিভিন্ন জাতের ফলদ, বনজ ও ঔষধি গাছের চারার প্রতি ক্রেতাদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।

মেলার শেষ পর্যায়েও সেই আগ্রহে ভাটা পড়েনি। গত রবিবার একদিনেই ২ হাজার ৮২৩টি চারা বিক্রি হয়েছে। এসব চারার বিক্রয়মূল্য ছিল ৪ লাখ ১৮ হাজার ৫৯০ টাকা।

মেলা শুরুর দিন থেকে সোমবার পর্যন্ত মোট ৭১ হাজার ৮০১টি চারা বিক্রি হয়েছে। এর বিপরীতে মোট লেনদেন হয়েছে ১ কোটি ৩ লাখ ৩৩ হাজার ৬৪০ টাকা।

পরিসংখ্যান বলছে, গত বছর মেলা চলাকালে ৪৩ হাজার ৭২১টি চারা বিক্রি হয়েছিল। তখন এসব চারার মোট বাজারমূল্য ছিল প্রায় ৫৯ লাখ ৮৪ হাজার টাকা। সে হিসাবে এবার শুধু চারা বিক্রির পরিমাণই নয়, মোট বিক্রয়মূল্যেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

মেলা নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বে থাকা মো. জাকির হোসেন বলেন, নগরবাসীর মধ্যে গাছ লাগানোর আগ্রহ আগের তুলনায় বেড়েছে। পাশাপাশি মেলায় বিভিন্ন ধরনের ফলদ, বনজ ও ঔষধি চারার বৈচিত্র্য থাকায় ক্রেতাদের আকৃষ্ট করা সম্ভব হয়েছে। এসব কারণেই এবারের মেলায় বিক্রির ক্ষেত্রে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে মাসব্যাপী এ বৃক্ষমেলার সমাপ্তি ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *