
|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
চিলমারী উপজেলার ৩ নং থানাহাট ইউনিয়নের (রাধাবল্লভ) ব্যাপারীর হাট এলাকার ১০ বছরের শিশু শারমিন মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সংগে পাঞ্জা লড়ছেন।
শারমিন রাধাবল্লভ কালিরপাঠ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণিতে পড়ে। দরিদ্র অসহায় পিতা- মাতা তার চিকিৎসার খরচ যোগাতে না পারায় আদরের সন্তান শিশু শারমিন আজ মৃত্যুর অপেক্ষায় প্রহর গুনছে। এই অবুঝ বয়সেই তার শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধি ব্লাড ক্যান্সার।
পিতা শাহআলম ও মাতা আমেনা বেগমের তিন সন্তানের মধ্যে ২য় সন্তান শারমিন। শারমিনের পিতা সামন্য একজন কলার দোকানদার। সামান্য আয়ে এমনিতে তার সংসার চলেনা, তার উপরে আবার ১০ বছরের মেয়ে শারমিন দূরারোগ্য ব্লাড ক্যান্সারে আক্রান্ত। এ যেন পিতা শাহ আলমের মাথায় আকাশ ভেঙ্গে পড়ার মতোই অবস্থা। মেয়ের চিকিৎসার খরচের সামর্থ্য না থাকায় দিশেহারা শাহ আলম ও তার স্ত্রী আমেনার আর্তনাদে এলাকাবাসীর মাঝেও হৃদয় নাড়া দিয়েছে। শারমিনের চিকিৎসকরা জানিয়েছেন, সঠিক সময়ে উন্নত চিকিৎসা ও থেরাপি দিলে শারমিনকে সম্পূর্ণ সুস্থ করে তোলা সম্ভব। কিন্তু এই দীর্ঘ ও ব্যয়বহুল চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ১০ লক্ষ টাকা।
শারমিনের দরিদ্র পরিবারের পক্ষে এই বিশাল অঙ্কের টাকা জোগাড় করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। জমি-জমা, জমানো পুঁজি যা ছিল—সবই প্রাথমিক চিকিৎসায় শেষ। এখন টাকার অভাবে তার চিকিৎসা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। তাই শারমিনকে পিজি হাসপাতাল থেকে বাড়িতে আনা হয়েছে।
এলাকার হৃদয়বান যুবক তুহিন আলম মুকুল জানান, শিশু শারমিনের পরিবার তাদের চোখের সামনে তাদের কলিজার টুকরোকে শেষ হয়ে যেতে দেখছে, এর চেয়ে বড় কষ্ট আর কিছু হতে পারে না। আমরা যদি সবাই মিলে একটু একটু করে এগিয়ে আসি, তবেই কেবল শারমিনকে এই পৃথিবীর আলোয় বাঁচিয়ে রাখা সম্ভব। শারমিনের বাবা (শাহ আলম ) জানান, চিকিৎসা খরচ যোগাতে এলাবাসীসহ দেশ বিদেশের সকলেরই নিকট সাহায্যের জন্য অনুরোধ জানিয়েছেন। এলাকাবাসীর আহ্বান, আমাদের একটু সহযোগিতায় শিশু শারমিনের নিভূ নিভূ প্রাণে আবারও সুস্থতার হাসি ফুটে উঠবে।
শারমিনের জন্য আর্থিক সাহায্য পাঠানোর মাধ্যম:
বিকাশ: 01761004168 (পার্সোনাল)
নগদ: 01328718686 (পার্সোনাল)
ব্যাংক অ্যাকাউন্ট: 7017341976827 (ডাচ বাংলা ব্যাংক)
শারমিনের পিতা-মাতা সহ এলাকাবাসী দূরারোগ্য মরণব্যাধির হাত হতে শিশু শারমিনকে বাঁচাতে ও তার চিকিৎসার ব্যয়ভার বহনে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট জোর অনুরোধ জানিয়েছেন।
