বৃহস্পতিবার, জুন ১৮

এইচএসসিতে এবার অভিন্ন প্রশ্নে পরীক্ষা: শিক্ষামন্ত্রী

|| আলোকিত দৈনিক ডেস্ক ||

আগামী ২ জুলাই থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা এবার সব কয়টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষা সুচারুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এই সিদ্ধান্তের কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, “এইচএসসিতে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার সব ধরনের ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। মূলত প্রতিটি বোর্ডের মধ্যে একটি সুস্থ প্রতিযোগিতা বজায় রাখার লক্ষ্যেই এবার এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

পরীক্ষাকালীন যেকোনো প্রাকৃতিক দুর্যোগের প্রস্তুতির বিষয়ে মন্ত্রী জানান, পরীক্ষার সময় ঝড়, অতিবৃষ্টি, বন্যা বা অন্য কোনো দুর্যোগ দেখা দিলে পরিস্থিতি মোকাবিলায় বিকল্প ব্যবস্থা রাখা হবে। প্রশ্নপত্র ইতিমধ্যেই নির্ধারিত স্থানে পৌঁছে যাবে এবং যেকোনো জরুরি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

উক্ত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *