
|| নিজস্ব প্রতিবেদক ||
বকেয়া বেতন প্রদান ও মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধকারী পোশাক শ্রমিকরা সড়ক ছেড়েছেন। ফলে ওই সড়কে যানবাহন চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে বেতন ভাতা বাড়ানোর দাবিতে উত্তরার আজমপুর এলাকায় মহাসড়কে অবস্থান নেন একাধিক তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এতে টঙ্গী স্টেশন রোড থেকে বিএনএস সেন্টার এবং খিলক্ষেত থেকে আজমপুর পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ফলে তীব্র ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা।

পরবর্তীতে দুপুর ১২টার দিকে আন্দোলনরত শ্রমিকরা সড়ক থেকে সরে যান। বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. রেজাউল করিম জানান, দুপুর ১২টার দিকে আন্দোলনকারীরা সড়ক থেকে সরে গেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক হয়। তবে আন্দোলনকারী শ্রমিকদের উত্থাপিত দাবিসমূহের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী পদক্ষেপ বা সিদ্ধান্ত সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
