শনিবার, এপ্রিল ২৫

ইস্টার্ন ইউনিভার্সিটিতে ইসলামী ফাইন্যান্স ও ব্যাংকিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক (ঢাকা) ||

বাংলাদেশে প্রথমবারের মতো স্বল্প খরচে ইসলামী ফাইন্যান্স, ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিষয়ে মানসম্মত বিবিএ ও এমবিএ প্রোগ্রাম চালু করেছে ইস্টার্ন ইউনিভার্সিটি। এই নতুন পথচলাকে সামনে রেখে শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর একটি মিলনায়তনে “বাংলাদেশে ইসলামী ফাইন্যান্স, ব্যাংকিং ও ইন্স্যুরেন্স” শীর্ষক এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। দেশের বর্তমান প্রেক্ষাপটে ইসলামী অর্থনীতির সম্ভাবনা, বিদ্যমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় নিয়ে এই সেমিনারে সংশ্লিষ্ট খাতের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও গবেষকরা বিস্তারিত আলোচনা করেন।

ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বোর্ড অব ট্রাস্টিজের সদস্য জনাব আবুল কাসেম হায়দার। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইএফএ কনসালটেন্সি’র ফাউন্ডার ডিরেক্টর ও বিশিষ্ট ইসলামী অর্থনীতিবিদ মুফতি আবদুল্লাহ মাসুম। বিশেষ অতিথির বক্তব্যে ইস্টার্ন ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস-এর ডিন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) প্রফেসর ড. এ কে এম ইকবাল আজিম এই নতুন শিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।

সম্মানিত অতিথি হিসেবে মালয়েশিয়ার এডিএল অ্যাডভাইজরি’র সিইও এবং বাংলাদেশ ব্যাংকের শরিয়াহ অ্যাডভাইজরি বোর্ডের সদস্য ড. (মুফতি) ইউসুফ সুলতান বিশ্বজুড়ে ইসলামী অর্থনীতির ক্রমবর্ধমান চাহিদার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক ফাইন্যান্স-এর সহকারী প্রোগ্রাম পরিচালক ড. কে. এম. জাকির হোসেন, ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ হাবিবুর রহমান এবং ইস্টার্ন ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. আবুল বাশার খান।

সেমিনারে আমন্ত্রিত অতিথিদের মধ্যে সেন্টার ফর ইসলামিক ইকোনমি স্টাডিজ-এর ভাইস প্রিন্সিপাল মুফতি আহসানুল ইসলাম, মালিকুল মুল্ক মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মুফতি সাজ্জাদুর রহমান, জামি’আ মুহাম্মাদিয়া ইসলামিয়া মাদ্রাসার মুফতি আব্দুল মালেক এবং জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসার মুফতি তাওহিদুল ইসলামসহ বহু বিশিষ্ট আলেম ও গবেষক অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতিতে ইসলামী ফাইন্যান্স ও ব্যাংকিং খাতের যে প্রসার ঘটছে, তার ধারাবাহিকতা বজায় রাখতে দক্ষ মানবসম্পদ তৈরি করা এখন সময়ের দাবি। তারা মনে করেন, ইস্টার্ন ইউনিভার্সিটির এই একাডেমিক উদ্যোগ একাডেমিয়া ও শিল্পখাতের মধ্যে একটি শক্তিশালী সেতু তৈরি করবে।

সেমিনারটি মূলত ব্যাংকার, শিক্ষাবিদ ও ইসলামী স্কলারদের মধ্যে জ্ঞান বিনিময় ও নেটওয়ার্কিংয়ের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে। অংশগ্রহণকারীরা এই সময়োপযোগী আয়োজনের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের শিক্ষা ও গবেষণামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *