Tuesday, November 17

ইরানের প্রখ্যাত ধর্মগুরু আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানির ইন্তেকাল

|| আন্তর্জাতিক ডেস্ক ||

ইরানের বিশিষ্ট শিয়া ধর্মীয় ব্যক্তিত্ব ও প্রখ্যাত ইসলামি পণ্ডিত গ্র্যান্ড আয়াতুল্লাহ শেখ হোসাইন ওয়াহিদ খোরাসানি মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৫ বছর।

মঙ্গলবার (১৭ নভেম্বর) তাঁর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানি কয়েক দশক ধরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আহলুল বাইতের শিক্ষা অধ্যয়ন, গবেষণা ও পাঠদানে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। আহলুল বাইতের মর্যাদা ও পবিত্রতা রক্ষার পাশাপাশি তিনি অসংখ্য বিশিষ্ট আলেম ও পণ্ডিত গড়ে তুলেছেন। এ ছাড়া এতিমদের দেখাশোনা এবং হজরত ফাতিমা যাহরা (রা.)-এর স্মরণে শোকানুষ্ঠানসহ ধর্মীয় ঐতিহ্য ও আচার-অনুষ্ঠান পুনরুজ্জীবিত করতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিবৃতিতে তাঁর কার্যালয় থেকে গভীর শোক প্রকাশ করা হয়।

১৯২১ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করা আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানি জীবনের দীর্ঘ সময় ধর্মীয় জ্ঞানচর্চা, গবেষণা ও পাঠদানে ব্যয় করেছেন। তাঁর কাছে শিক্ষা গ্রহণ করে বহু পণ্ডিত পরবর্তী সময়ে খ্যাতি অর্জন করেন।

সম্প্রতি শারীরিক অসুস্থতার কারণে তিনি তেহরানের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতবা হোসাইনি খামেনেইর প্রতিনিধিরা তাঁকে দেখতে গিয়েছিলেন।

তথ্যসূত: তসনিম নিউজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *