
|| আন্তর্জাতিক ডেস্ক ||
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার পারদ চড়িয়ে এবার ইরানকে সরাসরি ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৪ মে) ফক্স নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি সতর্ক করে বলেন, হরমুজ প্রণালি বা পারস্য উপসাগরে মার্কিন জাহাজে হামলার কোনো চেষ্টা করা হলে ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে’।
সাক্ষাৎকারে ট্রাম্প আরও উল্লেখ করেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বের সবচেয়ে উন্নত অস্ত্র ও সামরিক সরঞ্জামের বিশাল ভাণ্ডার রয়েছে এবং প্রয়োজনে তা ব্যবহার করতে বিন্দুমাত্র দ্বিধা করবে না ওয়াশিংটন। সারা বিশ্বে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো যেকোনো পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও তিনি দাবি করেন।
এদিকে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে ট্রাম্প দাবি করেছেন, সম্প্রতি হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার চেষ্টা করায় ইরানের সাতটি ছোট নৌযান ডুবিয়ে দিয়েছে মার্কিন বাহিনী। তবে এই চরম উত্তেজনার মধ্যেই আলোচনার প্রচ্ছন্ন ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ইরান বর্তমানে আগের চেয়ে কিছুটা নমনীয় অবস্থানে রয়েছে। তারা চাইলে আলোচনার মাধ্যমে একটি চুক্তিতে আসতে পারে, অন্যথায় তাদের কঠোর সামরিক পদক্ষেপের মুখে পড়তে হবে।
মার্কিন সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিতে বর্তমানে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানের সার্বিক পরিস্থিতি ও রণকৌশল নিয়ে মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এক বিস্তারিত সংবাদ সম্মেলন করবেন বলে জানা গেছে। এর আগেও ট্রাম্প সতর্ক করেছিলেন যে, কোনো হামলা হলে একটি আস্ত সভ্যতা বিলুপ্ত হয়ে যেতে পারে। নতুন এই হুমকির ফলে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে আবারও বড় ধরনের সংঘাতের আশঙ্কা দেখা দিচ্ছে।
