Wednesday, November 11

ইবিতে অনুমোদনহীন মন্দির নির্মাণ: উপাচার্যের সঙ্গে জমিয়তে তালাবার সাক্ষাৎ

|| ইবি প্রতিনিধি ||

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুমতি ছাড়া মন্দির নির্মাণের কাজ চলছে—এমন বিষয় নজরে আসার পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ। সাক্ষাৎকালে উপাচার্য স্পষ্টভাবে জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ধরনের নির্মাণকাজের কোনো অনুমতি দেয়নি।

উপাচার্য আরও জানান, ইসলামী বিশ্ববিদ্যালয়ে কোনো স্থায়ী মন্দির নির্মাণের অনুমোদন দেওয়া হয়নি এবং এ ধরনের কোনো সিদ্ধান্তও প্রশাসনের নেই।

সাক্ষাৎকালে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম শামীম, সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাতুল্লাহ শেখ এবং বর্তমান সাধারণ সম্পাদক খন্দকার আরিফসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র পরিচয়, প্রতিষ্ঠার লক্ষ্য ও ধর্মীয় ঐতিহ্য বিবেচনায় তাঁরা ক্যাম্পাসে কোনো স্থায়ী মন্দির নির্মাণের পক্ষে নন। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নীতিমালা, প্রশাসনিক সিদ্ধান্ত ও ক্যাম্পাসের সামগ্রিক পরিবেশের প্রতি যথাযথ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।

পাশাপাশি বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা অব্যাহত রাখা হবে এবং পরবর্তী পরিস্থিতির ওপর সতর্ক দৃষ্টি রাখা হবে বলেও জানিয়েছে সংগঠনটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *