Monday, September 21

ইবিতে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে জড়ালেন দুই বিভাগের শিক্ষার্থীরা‎

|| ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ||

‎‎ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চলমান আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্টে খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে দুই বিভাগের খেলা চলাকালীন শেষ মুহূর্তে এ ঘটনা ঘটে।

‎এতে দুই বিভাগের খেলোয়াড়সহ অন্তত ৫ জন আহত হয়েছেন। হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষ হয়।

‎খেলোয়াড় ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুই বিভাগের খেলার শেষ সময়ে আর এক মিনিট বাকি ছিল। শেষ সময় পর্যন্ত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এগিয়ে ছিল ১-০ গোলে। একপর্যায়ে ইসলামের ইতিহাস বিভাগের ডাগআউটে বল থ্রো-ইন হলে অ্যাকাউন্টিং বিভাগের একজন খেলোয়াড় বল আনতে যান।

‎এ সময় দর্শক সারি থেকে কেউ একজন ওই খেলোয়াড়কে উদ্দেশ্য করে কটূক্তি বা কিছু বললে তাদের মধ্যে উত্তেজনা শুরু হয়। একপর্যায়ে দুই বিভাগের শিক্ষার্থী ও খেলোয়াড়দের মধ্যে তা ছড়িয়ে পড়ে। পরে তা হাতাহাতি, ধাক্কাধাক্কি এবং পরবর্তীতে মারামারিতে রূপ নেয়।

‎দুই বিভাগের শিক্ষার্থী এবং দর্শকরা লাঠিসোঁটা, বাঁশ, গাছের ডাল দিয়ে সংঘর্ষে জড়ান। পরবর্তীতে খেলা আয়োজক কমিটি ও দুই বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আহতদের চিকিৎসার জন্য ইবি মেডিকেলের নিয়ে যাওয়া হয়েছে।

‎ইবি মেডিকেল সেন্টারের চিকিৎসক ডাক্তার বদিউজ্জামান বলেন, ‘খেলাধুলার সময় মারামারিতে আহত ৫ জন আমাদের এখানে চিকিৎসা নিতে এসেছেন। তাদের একজনের কেটে গেছে, একজনের মাথায় স্টিক লেগেছে। তাদেরকে ড্রেসিং করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হইছে। সবার অবস্থা মোটামুটি ভালো। বড় ধরনের কোন ইনজুরি নয় এটা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *