Wednesday, November 18

ইবিকে দেওয়া খালেদা জিয়ার ঐতিহাসিক বাসটির নিলাম বাতিলের দাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের

|| নিজস্ব প্রতিবেদক ||

১৯৯৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ও বিশ্ববিদ্যালয়ের আচার্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া কতৃক ইসলামী বিশ্ববিদ্যালয়কে (ইবি) উপহার দেওয়া ঐতিহাসিক বাসটি নিলামে বিক্রয়ের তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন। একইসঙ্গে অবিলম্বে এই নিলাম প্রক্রিয়া বাতিল করে বাসটি ক্যাম্পাসে যথাযথ মর্যাদায় সংরক্ষণের জোরালো দাবি জানানো হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মির্জা ওয়ালিদ হোসেন শিপন এবং সাধারণ সম্পাদক এস এম মিজানুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের যেকোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়কে দেওয়া এই বাসটিই ছিল বেগম খালেদা জিয়া প্রদত্ত প্রথম উপহার। এটি কেবল একটি সাধারণ যানবাহন নয়, বরং বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে এই বাসটির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অগনিত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীর গভীর আবেগ, ভালোবাসা এবং অসংখ্য স্মৃতি জড়িয়ে রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের এমন একটি ঐতিহাসিক ও আবেগঘন স্মারক নিলামে বিক্রি করে দেওয়া কোনোভাবেই কাম্য নয় উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঐতিহ্য রক্ষার স্বার্থে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবিলম্বে এই নিলাম প্রক্রিয়া বাতিল করতে হবে এবং বাসটিকে যথাযথ মর্যাদায় ক্যাম্পাসে সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *