Thursday, October 29

৩০ বছর বাঁশের সাঁকোই ভরসা, এনায়েতপুরের শিবপুরে পাকা রাস্তার দাবি

|| রেজাউল করিম | জেলা প্রতিনিধি (সিরাজগঞ্জ)||

সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ঐতিহ্যবাহী শিবপুর গ্রামের অবহেলিত ‘মোল্লাপাড়া’ এলাকার প্রায় দুই শতাধিক মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম এখন একটি জরাজীর্ণ বাঁশের সাঁকো। দীর্ঘ ৩০ বছর ধরে এই অবহেলিত মহল্লার বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সাঁকোটি দিয়ে প্রতিদিন কোমলমতি শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে স্কুলে যেতে হয়। মাঝেমধ্যেই সাঁকো থেকে নিচে পড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে ছোট ছোট শিশুরা। এছাড়া কোনো রোগী বা বৃদ্ধ মানুষকে জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে নিতে গিয়ে সাঁকো পারাপারে পড়তে হয় চরম বিপাকে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মোল্লাপাড়ায় প্রবেশের অন্য কোনো বিকল্প পথ না থাকায় এই একটি মাত্র বাঁশের সাঁকোই তাদের ভরসা। দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দা, মেম্বার ও চেয়ারম্যানরা একাধিকবার রাস্তাটি নির্মাণের উদ্যোগ নিলেও অদৃশ্য শক্তির কারণে তা বাস্তবায়ন সম্ভব হয়নি। যার ফলে দশকের পর দশক ধরে বঞ্চিতই থেকে গেছে মোল্লাপাড়ার শত শত মানুষ।

এ অবস্থায় মোল্লাপাড়ার সর্বস্তরের মানুষের এখন প্রাণের দাবি—‘ঠান্ডু খোন্দকারের বাড়ি হতে জুলাই যোদ্ধা হোসেন আলীর বাড়ি হয়ে মতিবারের বাড়ি’ পর্যন্ত ২৫০ ফিট রাস্তায় মাটি ভরাট করে স্থায়ীভাবে একটি পাকা রাস্তা নির্মাণ করা হোক।

দুর্ভোগ নিরসন ও গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতে স্থানীয় বাসিন্দা ও মোল্লাপাড়ার সর্বস্তরের জনগণ অত্র এলাকার নির্বাচিত সংসদ সদস্য ও মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত, এমপি মহোদয়ের প্রতি জোর আকুল আবেদন জানিয়েছেন, যেন দ্রুত এই রাস্তাটি মাটি ভরাট করে চলাচলের উপযোগী ও পাকা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *