
|| আলোকিত দৈনিক ডেস্ক ||
দেশে হামের প্রকোপ ভয়াবহ রূপ ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে আরও ৫ শিশু। এর মধ্যে ৩ জন সরাসরি হামে এবং বাকি ২ জন এই রোগের উপসর্গ নিয়ে মারা গেছে। শুক্রবার (১৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, মৃত ৫ শিশুর মধ্যে ৩ জন ঢাকা বিভাগের এবং ২ জন বরিশাল বিভাগের বরগুনা জেলার বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১ হাজার ১১৫ জন শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং ল্যাব পরীক্ষায় ১২৭ জনের দেহে হাম শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগেই সর্বোচ্চ ১২০ জনের হাম শনাক্ত হয়েছে। একই সময়ে বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ৭৬৯ জন শিশু, যার মধ্যে অর্ধেকের বেশি রোগীই ঢাকার।
চলতি বছরের ১৫ মার্চ থেকে শুরু হওয়া এই প্রাদুর্ভাবে এখন পর্যন্ত মোট ৩৭ জন শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৭৪ জনের। সব মিলিয়ে এখন পর্যন্ত দেশে ২১ হাজার ৪৬৭ জন শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে এবং ৩ হাজার ১৯২ জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। বর্তমানে হাসপাতালগুলোতে ১৩ হাজার ৮৯৮ জন শিশু চিকিৎসা নিচ্ছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১১ হাজার ২৪৩ জন। স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত পর্যবেক্ষণ ও টিকাদান কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেছে।
