
|| আলোকিত দৈনিক ডেস্ক ||
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানের রাজধানীর মোহাম্মদপুরের বাসার সামনে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে একদল বিক্ষুব্ধ জনতা তার বাসভবনের সামনে অবস্থান নিলে এই পরিস্থিতির উদ্ভব হয়। এ সময় উত্তেজনাকর পরিস্থিতিতে উসকানিমূলক আচরণের অভিযোগে রাশেদ প্রধানের ব্যক্তিগত সহকারী (পিএস) জনি নন্দীকে হেফাজতে নিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সমালোচনা করতে গিয়ে রাশেদ প্রধান শিষ্টাচারবহির্ভূত মন্তব্য করেন। এর প্রতিবাদে বিক্ষুব্ধ লোকজন তার বাসার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করলে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায় এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, জনরোষের মুখে রাশেদ প্রধানের পিএস জনি নন্দী উসকানিমূলক আচরণ করায় তাকে মোহাম্মদপুর থানা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এলাকায় বর্তমানে পুলিশি নজরদারি জোরদার রয়েছে।
উল্লেখ্য, রাশেদ প্রধানের ওই মন্তব্যের পর থেকেই রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় বইছে এবং বিভিন্ন পক্ষ থেকে তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হচ্ছে।
