Tuesday, July 21

হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: ইরানের কড়া হুঁশিয়ারি

|| আন্তর্জাতিক ডেস্ক ||

যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অব্যাহত থাকলে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে কোনো ধরনের তেল ও গ্যাস পরিবহন করতে দেওয়া হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সোমবার (২০ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আইআরজিসি দাবি করেছে, মার্কিন সামরিক চাপের মধ্যে জর্ডানের দক্ষিণাঞ্চলীয় ঝুঁকিপূর্ণ পথ ব্যবহার করে চলাচলের চেষ্টা করার সময় হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকার বিস্ফোরণের শিকার হয়েছে। বিস্ফোরণের পর জাহাজ দুটি সম্পূর্ণ অচল হয়ে পড়ে বলেও তাদের পক্ষ থেকে দাবি করা হয়। তবে ক্ষতিগ্রস্ত ট্যাংকার দুটির নাম, কোন দেশের পতাকাবাহী ছিল কিংবা জাহাজের নাবিকদের অবস্থা ও হতাহতের কোনো সুনির্দিষ্ট তথ্য ইরানি বাহিনী প্রকাশ করেনি। এ ছাড়া এ ঘটনার সত্যতাও স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।

আইআরজিসির বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা চলমান থাকলে হরমুজ প্রণালিকে আর নিরাপদ নৌপথ হিসেবে বিবেচনা করা হবে না। তেহরান সতর্কবার্তা দিয়ে জানায়, মার্কিন আগ্রাসন বন্ধ না হলে পেট্রোকেমিক্যাল পণ্য কিংবা এক ফোঁটা তেল ও গ্যাস পরিবহনের জন্যও এই প্রণালি নিরাপদ থাকবে না। একই সাথে মার্কিন সশস্ত্র বাহিনীকে শিগগিরই বড় ধরনের প্রতিশোধমূলক অভিযানের জন্য প্রস্তুত থাকতে হবে বলেও ইরানের এই এলিট বাহিনী দাবি করেছে।

ইরানের এমন চরম হুঁশিয়ারির পর পারস্য উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক নৌ চলাচল এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা নিয়ে নতুন করে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। উল্লেখ্য, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত এই হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস আন্তর্জাতিক বাজারে সরবরাহ করা হয়।

সূত্র : দ্য গার্ডিয়ান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *