
|| আলোকিত দৈনিক ডেস্ক ||
দেশের ১০ জেলায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সোমবার (২০ জুলাই) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা তথ্যকেন্দ্র থেকে দেওয়া এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় তিস্তা, ধরলা, সুরমা-কুশিয়ারা, সারিগোয়াইন, যাদুকাটা, সোমেশ্বরী, ভুগাই ও কংস নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এই সময়ে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, সিলেট, সুনামগঞ্জ, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলায় বন্যার উচ্চ ঝুঁকি রয়েছে।
এ ছাড়া একই সময়ে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, নওগাঁ ও নাটোর জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
আবহাওয়া ও বৃষ্টির পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে এবং তৎসংলগ্ন উজানে ভারতের আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গ প্রদেশে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে।
এদিকে বন্যা তথ্যকেন্দ্রের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পেয়েছে। অপরদিকে হালদা নদীর পানি কিছুটা হ্রাস পেয়েছে এবং মাতামুহুরী নদীর পানি স্থিতিশীল অবস্থায় রয়েছে। তবে আগামী ২৪ ঘণ্টায় এসব নদীর পানি বৃদ্ধি পেতে পারে এবং পরবর্তী দুই দিন তা আরও দ্রুত বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।
