
|| নিজস্ব প্রতিবেদক ||
পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে মো. শামসুল আলম (৬৩) নামে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হজ কার্যক্রমে অংশ নিতে গিয়ে এখন পর্যন্ত মোট সাতজন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করলেন। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃত শামসুল আলম রংপুরের কোতোয়ালি মেট্রো থানার ভোগিবালাপাডার বাসিন্দা। তার বাবার নাম আজিজুল ইসলাম এবং মাতার নাম শামসুন নাহার। তিনি সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গিয়েছিলেন। গত মঙ্গলবার (২৮ এপ্রিল) স্থানীয় সময় রাত ৮টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মদিনা আল মুনাওয়ারাস্থ বাংলাদেশ হজ অফিস সূত্রে জানা গেছে, গত ২৮ এপ্রিল শারীরিক দুর্বলতা ও অসুস্থতা নিয়ে মো. শামসুল আলম প্রথমে বাংলাদেশ হজ অফিস মেডিকেল সেন্টারে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত স্থানীয় মালিক ফাহাদ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
গতকাল বুধবার ফজর নামাজ শেষে মদিনার ঐতিহাসিক জান্নাতুল বাকী কবরস্থানে তাকে সমাহিত করা হয়েছে।
