Tuesday, September 15

সাটুরিয়ায় হেরোইন সেবনের অপরাধে যুবকের কারাদণ্ড

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে হেরোইন সেবনের অপরাধে মোঃ আশিক (২৩) নামের এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে সাটুরিয়া উপজেলার সাটুরিয়া ইউনিয়নের শেখড়ীনগর (মধ্যপাড়া) গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। সাজাপ্রাপ্ত আশিক ওই গ্রামের বাসিন্দা।

আদালত সূত্রে জানা যায়, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপপরিদর্শক মোরশেদ আলম ওই বসতবাড়িতে হেরোইন সেবনের সুনির্দিষ্ট অভিযোগ দাখিল করেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সাটুরিয়া উপজেলা প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্তের মা রেবেকা বেগম (৫০) ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

অভিযোগ প্রমাণিত হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় আসামিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ডের আদেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *