Monday, September 28

সলঙ্গায় শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) ||

সিরাজগঞ্জের সলঙ্গায় মাহমুদপুর বাজার সংলগ্ন মারকাযুত তাক্বওয়া মহিলা মাদ্রাসার পরিচালক আনিসুর রহমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন ফেক আইডি খুলে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে অপপ্রচার চালানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় সলঙ্গা বাজার থানামোড়ে দৈনিক শ্যামল বাংলা পত্রিকা অফিসে সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী মাদ্রাসা শিক্ষক আনিসুর রহমান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আনিসুর রহমান বলেন, তিনি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে নিজ এলাকায় একটি মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা করে পরিচালনা করে আসছেন। সম্প্রতি একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফেক আইডি খুলে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচার করছে বলে অভিযোগ করেন।

তিনি বলেন, এসব অপপ্রচারের কারণে তার দীর্ঘদিনের অর্জিত সামাজিক, পেশাগত ও প্রতিষ্ঠানের সম্মান ক্ষুণ্ন হচ্ছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে চালানো এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি সংশ্লিষ্টদের প্রতি সঠিক তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান।

একই সঙ্গে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান শিক্ষক আনিসুর রহমান।

এ সময় তিনি ভবিষ্যতে এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার কথাও জানান। সংবাদ সম্মেলনে সলঙ্গা অঞ্চলের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *