Tuesday, September 29

ভারতে ঐতিহাসিক শাহী মসজিদ ভাঙার সিদ্ধান্তে ইসলামী ঐক্য আন্দোলনের তীব্র নিন্দা

|| নিজস্ব প্রতিবেদক ||

ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে কুম্ভমেলার রাস্তা প্রশস্ত করার অজুহাতে ৬০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী শাহী মসজিদ গুঁড়িয়ে দেওয়ার সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও চরম নিন্দা জানিয়েছে ইসলামী ঐক্য আন্দোলন।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) এক যৌথ বিবৃতিতে সংগঠনের আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া ও সেক্রেটারি জেনারেল মোস্তফা তারেকুল হাসান এই ক্ষোভ ও প্রতিবাদ প্রকাশ করেন।

ভাতের মধ্যপ্রদেশের ৬০০ বছরের ঐতিহ্যবাহী উজ্জিয়ীনি শাহী মসজিদটি ভাঙ্গতে চাচ্ছে পৌর প্রশাসন।

যৌথ বিবৃতিতে ইসলামী ঐক্য আন্দোলনের শীর্ষ দুই নেতা বলেন, “একটি নির্দিষ্ট ধর্মীয় উৎসবের সুবিধার অজুহাতে শতাব্দীর পর শতাব্দী ধরে দাঁড়িয়ে থাকা ঐতিহাসিক মুসলিম ধর্মীয় উপাসনালয় ভেঙে ফেলা চরম বৈষম্যমূলক ও উসকানিমূলক পদক্ষেপ। বিকল্প জমি দেওয়ার প্রস্তাব সত্ত্বেও প্রশাসন ও কর্তৃপক্ষের একতরফা বুলডোজার নীতি বিশ্বজুড়ে ধর্মীয় স্বাধীনতা ও মুসলিম ঐতিহ্যের ওপর চরম আঘাত হেনেছে।”

নেতৃদ্বয় আরও বলেন, আদালতের রায়ের দোহাই দিয়ে যেভাবে ঐতিহ্যবাহী এই শাহী মসজিদের মূল প্রার্থনাকক্ষ, ১২০ ফুট উঁচু মিনারের অংশ গুঁড়িয়ে দেওয়ার পাঁয়তারা চলছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে ঐতিহাসিক মসজিদটি রক্ষা করে এ ধরনের উসকানিমূলক ও বিতর্কিত কার্যক্রম বন্ধের জন্য ভারতীয় প্রশাসনের প্রতি জোর দাবি জানান তাঁরা।

উল্লেখ্য, উজ্জয়িনীর খাজুর ওয়ালী মসজিদ থেকে গণেশ চৌক পর্যন্ত রাস্তা প্রশস্ত করার নামে ৬০০ বছরের প্রাচীন এই মসজিদটির একাংশ ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়। স্থানীয় মুসলিম সম্প্রদায় এর বিকল্প পথ ও জমির প্রস্তাব দিলেও প্রশাসন তা প্রত্যাখ্যান করেছে। এর প্রতিবাদে হাজারো স্থানীয় ধর্মপ্রাণ মানুষ মসজিদের ভেতর ও বাইরে অবস্থান নিয়ে টানা প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন, যা কেন্দ্র করে এলাকাটিতে চরম উত্তেজনা বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *