রবিবার, এপ্রিল ২৬

সরকারি আলিয়া মাদ্রাসায় ইসলামী ছাত্র আন্দোলনের সন্ত্রাসবিরোধী মানববন্ধন

|| আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||

ক্যাম্পাসে সকল ধরনের সহিংসতা বন্ধ এবং আদর্শিক ছাত্ররাজনীতি প্রতিষ্ঠার দাবিতে ‘সন্ত্রাসবিরোধী মানববন্ধন’ করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া শাখা। রবিবার (২৬ এপ্রিল) দুপুরে মাদ্রাসার প্রধান ফটকের সামনে এই কর্মসূচি পালিত হয়।

শাখা সভাপতি এইচ এম এনামুল হকের সভাপতিত্বে এবং সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি ফয়জুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ফয়জুল ইসলাম বলেন, একটি সুস্থ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা ও সন্ত্রাস একসাথে চলতে পারে না। চলমান সহিংস ও মারমুখী রাজনীতি পরিহার করে সকল ছাত্রসংগঠনকে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসতে হবে। তিনি রাজনৈতিক কার্যক্রমে স্বচ্ছতা ও প্রকাশ্য তৎপরতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে এনামুল হক বলেন, জাতি আর সন্ত্রাসী রাজনীতির পুনরাবৃত্তি দেখতে চায় না। সময়ের দাবি হলো আদর্শিক ও নৈতিক ছাত্ররাজনীতি। কিন্তু কিছু সংগঠনের মারমুখী অবস্থান ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশকে হুমকির মুখে ফেলছে। তিনি সকল সংগঠনকে গোপন তৎপরতা পরিহার করে আদর্শভিত্তিক রাজনীতিতে অংশ নেওয়ার আহ্বান জানান।

মানববন্ধনে কক্সবাজারে সংগঠনের হেল্পডেস্কে হামলার তীব্র নিন্দা জানিয়ে সাবেক সভাপতি আজিজুল্লাহ ফাহিম বলেন, সম্প্রীতি বিনষ্ট করে উগ্রতা প্রদর্শনের পরিণতি কখনোই শুভ হয় না।

কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন শাখার অর্থ সম্পাদক নোমান আহমেদ এবং ছাত্রকল্যাণ সম্পাদক সাখাওয়াত হোসেন। তারা বলেন, সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে অরাজকতা নয়, মেধা ও নৈতিকতার বিকাশ দেখতে চায়। ছাত্ররাজনীতি হওয়া উচিত অধিকার আদায়ের হাতিয়ার, ত্রাস সৃষ্টির মাধ্যম নয়।

মানববন্ধনে শাখার দাওয়াহ সম্পাদক মুজাহিদুল ইসলাম, বিতর্ক সম্পাদক কাজী আল-আমিন, পাঠাগার সম্পাদক মিকদাদ মাহমুদ, ক্রীড়া সম্পাদক ইব্রাহীম তালুকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিলের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *