Sunday, August 9

শিবালয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় যমুনা নদীতে অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে কোনো ড্রেজার চলমান অবস্থায় না পাওয়া গেলেও স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নজরদারি ও টহল জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (৬ আগস্ট) দুপুর ২টার দিকে যমুনা নদীর ৭ ও ৮ নম্বর বিদ্যুৎ গ্রিড সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিষা রানী কর্মকার। এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শায়খ শিহাব উদ্দিন, নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে নদীতে কোনো অবৈধ ড্রেজার চলমান অবস্থায় পাওয়া যায়নি। তবে আলোকদিয়া চরসংলগ্ন এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, কিছু অসাধু ব্যক্তি বিভিন্ন সময় কয়েকটি ড্রেজারের মাধ্যমে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে।

এ সময় নৌ পুলিশকে নিয়মিত টহল জোরদারের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নদী রক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং জনস্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *